প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম

সংগৃহীত ছবি
আমন সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকার ধান কিনবে কেজিপ্রতি ৩৯ টাকা দরে এবং সিদ্ধ চাল কিনবে ৫০ টাকা দরে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন থাকায় দ্রুতই সংগ্রহ সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সচিবালয়ে আমন সংগ্রহ অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
খাদ্য উপদেষ্টা বলেন, আমন ধান বেশি পরিমাণে কেনা হবে। ধান ও চালের মধ্যে আগে সংগ্রহের ক্ষেত্রে আনুপাতিক হারে ব্যবধান থাকতো। এবার তা হবে না, যা কৃষকদের উৎসাহিত করছে।
আলী ইমাম মজুমদার বলেন, ৩৯ টাকা কেজিতে ধান, সিদ্ধ চাল ৫০ টাকা ও আতপ চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হবে। সংগ্রহের ডেডলাইন আগামী ফেব্রুয়ারি। কিন্তু, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ায় এর আগেই প্রায় সবটা সংগ্রহ করা হবে।
তিনি বলেন, ৫০ হাজার টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের মিনিমাম টার্গেট নির্ধারণ করা হয়েছে। সব কিছু হিসাব করে ধান উৎপাদনে কিছু পরিমাণ ঘাটতি থাকে, যার কারণে আমাদের আমদানি করতে হয়।
তিনি আরও জানিয়েছেন, সরকার খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ থেকে ৫৫ লাখ পরিবারের কাছে কেজিপ্রতি ১৫ টাকায় চাল পৌঁছে দিচ্ছে। আগে এই সুবিধা ৫ মাস প্রদান হতো, এখন তা ৬ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব হস্তান্তরের সময় খাদ্য মজুদ অনেক বেশি থাকবে বলে আশা করা যায়।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ