প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে বহু প্রতীক্ষিত মিনি স্টেডিয়াম নির্মাণকাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে। ৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের কাজ শুরুর পর মাত্র ৯ মাসের মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও দেড় বছর পেরিয়ে গেলেও অগ্রগতি নেই বললেই চলে। ফলে স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময়ে কাজ চললেও মাঠে কেবল বালু ফেলে সমতল করার কাজই হয়েছে। গ্যালারি, ড্রেসিং রুম, সীমানা প্রাচীরসহ মূল কাঠামোর কোনো নির্মাণকাজ দৃশ্যমান নয়।
স্থানীয়দের অভিযোগ—ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক কনস্ট্রাকশন কোম্পানি (প্রা.) লিমিটেডের অবহেলায় প্রকল্পটি মারাত্মক ধীরগতিতে এগোচ্ছে। এমনকি ঠিকাদারের মালিক ব্যক্তিগত মামলায় কারাগারে থাকায় কাজ পুরোপুরি থমকে যায় বলে জানা গেছে। তারা দ্রুত কাজ শুরু ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করার দাবি জানিয়েছেন। তাদের আশা—স্টেডিয়ামটি চালু হলে রায়পুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফিরবে।
জাতীয় ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা মো. সুজন বলেন, “দেশে যেভাবে কাজ চলে এখানেও তেমনই চলছে। ধীরগতির বিষয়ে মন্তব্য করব না, কর্তৃপক্ষই ভালো জানেন।”
অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ইঞ্জিনিয়ার হৃদয় হোসেন বলেন, জায়গা নিচু থাকায় জলাবদ্ধতা ও কিছু প্রকৌশলগত জটিলতার কারণে কাজ পিছিয়ে গেছে। নিচের কাজ প্রায় শেষ। বাকি কাজ দ্রুতই শেষ হবে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, “আমি নতুন যোগদান করেছি। কেন কাজ ধীরগতিতে চলছে, তা খোঁজ নিয়ে দেখব।
স্বদেশ প্রতিদিন/ এমএস