প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:৫৬ পিএম

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে একটি সুসংহত নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসায় মানুষ আশাবাদী। এই ব্যবস্থার অনুপস্থিতিতে জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন এটি কীভাবে গঠন হবে, সে বিষয়ে আলোচনা হবে।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন কেবল তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্ভব। অতীতের বহু গ্রহণযোগ্য নির্বাচন এ ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয়েছে।”
প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দর্শন আছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আগামী নির্বাচন ঘিরে দলগুলো জনগণের কাছে নিজেদের বার্তা তুলে ধরছে। রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি প্রতিষ্ঠার পক্ষেই বিএনপি।”
অনির্বাচিত সরকারের অধীনে দেশ পিছিয়ে যায় দাবি করে আমীর খসরু বলেন, “জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে যেমন স্থিতিশীলতা আসে, অনির্বাচিত সরকারের অধীনে তা হয় না। মানুষ ইতোমধ্যেই এর ফল দেখেছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে