প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:৪২ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ২:১৮ PM

ককটেল নিক্ষেপ বা এ ধরনের সহিংসতায় পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন।
ডিএমপি কমিশনার অভিযোগ করে বলেন, অরাজকতা ঠেকানোর সময় পুলিশ সদস্যদের সঙ্গে
অসদাচরণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমার অফিসারদের সঙ্গে এমন আচরণ
করবেন না।”
মিরপুর পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, “ককটেল হামলায় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন, এতে পুলিশের মনোবলে আঘাত লেগেছে। পুলিশের মনোবল দুর্বল করার উদ্দেশ্যে যেকোনো ককটেল নিক্ষেপ বা হামলার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে।”
এর আগে ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা দেখামাত্র গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি জানান, “নাশকতার চেষ্টা করলে গুলি করার বিধান পুলিশ আইনেই আছে। ককটেল মেরে নাশকতা করলে আইন কঠোরভাবে প্রয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে