প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে আখাউড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক এতে অংশ নেন।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিলের আয়োজন করা হয়। কসবা উপজেলাতেও একই ধরনের কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।
মশাল মিছিল শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন খানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কবির আহমেদ ভূইয়া দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থেকেছেন, অথচ তাকে উপেক্ষা করে দেশের বাইরে থাকা একজন বয়োবৃদ্ধ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত প্রার্থী পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
স্বদেশ প্রতিদিন/এনআর