আধুনিক সমাজ গঠনে সোসাইটিগুলোকে দায়িত্বশীল হতে হবে : ড. এম এ কাইয়ুম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, সোসাইটিগুলোর কর্মকাণ্ড বৃহৎ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়। তাই ভালো সমাজ গঠন করতে চাইলে সোসাইটিগুলোকে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। বিশেষ করে এলাকার মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে এসব সোসাইটি বড় ভূমিকা পালন করতে পারে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশান ২-এর একটি হল রুমে বনশ্রী সোসাইটির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বনশ্রী সোসাইটি ঐক্যবদ্ধ থেকে এগিয়ে এলে ওই এলাকা থেকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা সম্ভব। এজন্য তিনি এলাকার সকলের সহযোগিতা চেয়েছেন।
এসময় ড. এম এ কাইয়ুম বলেন, সোসাইটিগুলোর কর্মকাণ্ড বৃহৎ সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান হলো- শিক্ষা, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি। শিক্ষা মানুষকে যোগ্য করে তোলে, যা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সমাজে এগিয়ে যেতে সাহায্য করে। সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক নীতি নিশ্চিত করে যে সমাজের সকল স্তরের মানুষ সমান সুযোগ পায় এবং এতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, বর্তমান বাংলাদেশ বৈষম্যমুক্ত। এই দেশে স্বৈরাচারের কোনো ঠাঁই নেই। স্বৈরাচার এই দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গিয়েছে। তাই দেশকে গড়ে তুলতে তোমাদের প্রস্তুত হতে হবে। আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনাময় আধুনিক বাংলাদেশ।
তিনি বলেন, সামাজিক এসব প্রতিষ্ঠান সমাজ গঠনে মূল ভূমিকা পালন করে। এগুলোর মাধ্যমে সামাজিক বন্ধন সৃষ্টি হয় এবং মানুষ তাদের. সামাজিক ভূমিকা পালন করে থাকে। অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক শান্তি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে এসব সোসাইটি।
বিগত ১৭ বছর বাংলাদেশকে একটি জেলাখানায় পরিণত করা হয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, এই বৈষম্যবিরোধী বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। অত্যাচার, জুলুম, নির্যাতন থাকবে না, আইনের শাসন থাকবে। আগামীদিনে এই বিষয়গুলো আমরা অব্যাহত রাখবো।
তিনি আরো বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে আমরা মাদক থেকে রক্ষা করবো। সমাজের প্রতিটি ক্ষেত্র মাদকমুক্ত করবো। এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত করতে হবে। সমাজের যেখানেই যে অন্যায়-অত্যাচার করবে তাকে সেখানেই প্রতিহত করতে হবে।
আজ রাজধানীর গুলশান ২-এর একটি হল রুমে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে বনশ্রী সোসাইটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ