প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতন পাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গার ভালাইপুর-আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বিউটি খাতুন স্বামীর মোটরসাইকেলে চড়ে ভগিরাতপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চিৎলা রুইতনপুর এলাকায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গেলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্বামী মুস্তাফিজুর রহমান দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আলমডাঙ্গা থানার ওসি মো. মাসুদুর রহমান পিপিএম জানান, ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে