প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নোয়াখালীর মাইজদী বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এই মিছিল বের হয়।
মিছিলটি মাইজদী বাজার থেকে শুরু হয়ে শহীদ বুলু স্টেডিয়াম এলাকা ঘুরে পুনরায় বাজারে এসে শেষ হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এতে এলাকায় সাময়িক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহী পলাশ, নোয়াখালী শহর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কালা, আলাউদ্দিন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মধু, শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, যুবদলের দপ্তর সম্পাদক রায়সুল হায়দার বাবু, শহর যুবদল নেতা মো. ফারুখ, নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম সুজন, মো. আকবর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহী পলাশ বলেন, আদালতের রায়কে তারা স্বাগত জানান এবং দ্রুত সময়ের মধ্যে দণ্ড কার্যকরের দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন, শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে