প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:২৬ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ৩:৩৮ PM

সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই রায়কে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। এ রায় একটি মাইলফলক। যদিও অপরাধের মাত্রা বিবেচনায় সাজা যথেষ্ট না, তবে এটি আগামীতে কোনো সরকার বা ব্যক্তি যাতে ফ্যাসিস্ট হতে না পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, ফ্যাসিবাদ যত শক্তিশালী বা ক্ষমতাশালী হোক, তাদের একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”