প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:০৭ পিএম

গজারিয়ায় প্রশিক্ষণ পেলেন অর্ধশতাধিক কৃষক-কৃষাণী
মুন্সীগঞ্জের গজারিয়ায় মৃত্তিকার গুণাগুণ পরীক্ষা এবং সুষম সার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে একদিনের প্রশিক্ষণ পেয়েছেন অর্ধশতাধিক কৃষক-কৃষাণী।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুন্সীগঞ্জ আঞ্চলিক শাখার আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশ নেন।
প্রধান প্রশিক্ষক ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, মুন্সীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা শাহরিন। এ সময় উপস্থিত ছিলেন একই কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিনা তামান্না মৌটুসী এবং গজারিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
প্রশিক্ষণে কৃষকের ফসলি জমির মৃত্তিকার গুণাগুণ নিরূপণ করে পরিমিত সার ব্যবহার, কম খরচে অধিক ফলন উৎপাদন এবং সুষম সার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।
প্রশিক্ষণ গ্রহণকারী কৃষাণী ইভা আক্তার বলেন, “প্রশিক্ষণ গ্রহণ করে আমরা খুব উপকৃত হয়েছি।”
প্রশিক্ষণে জানানো হয়, নির্ধারিত নিয়ম অনুসরণ করে কৃষক তার জমির মাটি পরীক্ষা করে কম খরচে সঠিক পরিমাণ জৈব ও অজৈব সার প্রয়োগের সুযোগ পাবেন।