প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ AM

রাজধানী ঢাকায় দেশব্যাপী ‘শাটডাউন’ কর্মসূচি এবং আসন্ন রায় ঘোষণার প্রেক্ষাপটে রাজধানীজুড়ে পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সরেজমিনে ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট দেখা গেছে। সন্দেহভাজন কাউকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার থেকে এসব এলাকায় বিজিবির টহল দল মাঠে অবস্থান করছে।
অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সেনাসদরে চিঠি পাঠানো হয়েছে।
জানানো হয়েছে, সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করা হবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তাই রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে