প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ AM আপডেট: ১৬.১১.২০২৫ ৯:২৭ এএম

আটক শিক্ষার্থী সাগর আহমেদ
ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষার হল থেকেই তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থী সাগর আহমেদ, সমাজকল্যাণ বিভাগের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র।
সকাল ৯টা থেকে পরীক্ষা দিচ্ছিলেন সাগর। বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ভবনের নিচতলায় অবস্থান নেন এবং অভিযোগের ভিত্তিতে তাকে পরীক্ষা হল থেকে আটক করেন। এসময় তারা মারধরের চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাগরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, সাগর নিয়মিত ফেসবুকে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন পোস্ট দিচ্ছিলেন। সর্বশেষ ১৩ নভেম্বর তিনি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সফল করতে আহ্বান জানান এবং ‘নো নৌকা, নো ভোট’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচারণা চালান। তাদের দাবি, সাগর কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের পদধারীও।
তবে সাগর আহমেদ ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করলেও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি রাজনীতিতে সম্পৃক্ত নন, যদিও তার পরিবার আওয়ামী লীগ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, শিক্ষার্থীরা সাগরকে আটক করে তাদের কাছে হস্তান্তর করলে তাকে থানায় দেওয়া হয়। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সাগর বর্তমানে থানায় হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ