প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৭:২৭ PM

শেখ হাসিনা ও ভারত নির্বাচন ব্যবস্থায় বিএনপিকে বাধা দিচ্ছে: দুলু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের ধানের শীষ বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাতে শেখ হাসিনা ও প্রতিবেশী ভারতের প্রযোজনায় গত ২৪ বছরে কোনো ভোট হতে দেয়নি এবং আপনারা জানেন বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল এই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল।
তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, কোনোভাবেই যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। তাদের টার্গেট বিএনপিকে ঠেকানো। প্রয়োজনে আওয়ামী লীগ পাকিস্তানের সঙ্গে হাত মিলাবে, প্রয়োজনে জামাতের সঙ্গে হাত মিলাবে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবিনা ইয়াসমিন ছবি উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক ও আলোচনা সভায় এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও অন্যান্য নেতা-কর্মীরা।