প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৯২ রোগীর অবস্থান- বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২৫, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩৬, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০৭, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২২৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২১, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৫, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬০, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২ জন।
গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৮০ হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ৮৩ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ৬২.৪% পুরুষ এবং ৩৭.৬% নারী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে মোট ৩৩১ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে