প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একতরফা নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জাতীয় পার্টিকে সম্পূর্ণভাবে বাইরে রাখা উচিত নয়।
আজ শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে এসব বলেন তিনি।
জিএম কাদের বলেন, সরকার চাইছে জাতীয় পার্টিকে নির্বাচনে স্বাভাবিকভাবে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হোক। সেই উদ্দেশ্যে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরো বলেন, ১৪ নভেম্বর দিনাজপুরে পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে যান। তবে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তা ছাড়া বৈঠকটি বাধাগ্রস্ত হয়। একইভাবে ৭ নভেম্বর কেরানীগঞ্জের কমিউনিটি সেন্টার ও ১২ নভেম্বর ময়মনসিংহে পার্টির সমাবেশও বাধাগ্রস্ত করা হয়। এছাড়া ১১ অক্টোবর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ পুলিশ বাধা দেয়।
জিএম কাদের বলেন, সরকারের সহায়তায় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এতে কয়েকজন জেষ্ঠ্য নেতা দীর্ঘ সময় কারাভোগ করছেন। যদিও জামিন পাওয়া গেছে, নতুন মামলা বা অজ্ঞাতনামা তালিকার মাধ্যমে তাদের আটক রাখা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী দল। দেশের বিভিন্ন অঞ্চলে দলটির শক্তিশালী সংগঠন ও জনসমর্থন রয়েছে। দেশের উন্নয়ন ও সংস্কার কর্মকাণ্ডে জাতীয় পার্টির অবদান এখনও স্মরণযোগ্য।
জিএম কাদের সরকারের প্রতি আহবান জানান, অগণতান্ত্রিক পদ্ধতিতে দমন-নিপীড়ন বন্ধ করতে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের স্বাভাবিক সুযোগ নিশ্চিত করতে।