| শিরোনাম: |

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “আমি যদি আপনাদের ভোটে এমপি হতে পারি, তাহলে প্রথমেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করব।”
শুক্রবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন পুকুর ঘাট এলাকায় বিএনপির প্রীতি সমাবেশ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
মান্নান বলেন, “আমার সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের বলতে চাই—আপনারা সংখ্যালঘু নন। আপনাদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র—সবই রয়েছে। আমি নির্বাচিত হলে আর কেউ আপনাদের সম্পত্তি দখল করতে পারবে না।”
মাদক নিয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, “মাদককে না বলুন। মাদককে প্রশ্রয় দেবেন না। সিদ্ধিরগঞ্জে কোনো চাঁদাবাজি চলবে না। কোনো ভূমিদস্যু এখানে ঠাঁই পাবে না।”
ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন,“আপনাদের দোয়া চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সাংবাদিকদের অভিনন্দন জানাই—আপনারা না থাকলে আমাদের বেইল নেই। জনগণ ও আপনাদের কারণেই আমি নেতা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) এডভোকেট মো. শাহীন খান। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফয়সালসহ অন্যরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ