প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ৮:৫৭ PM

গজারিয়া উপজেলার ভাটেরচর সেতুর পাশে সোমবার রাতে ২২ বছর বয়সী ল্যাব টেকনিশিয়ান শরিফুল ইসলাম রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রতনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার এসআই মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গত বুধবার রাত ১১টার পর ৯৯৯ কল পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করি। ধারালো ছুরি জাতীয় কোনো অস্ত্র দিয়ে আঘাত করার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ ও ঘটনা কারা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।”
নিহত রতনের ভাই অমিক হাসান অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা যায়, রতন টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের ভাড়াটিয়া আব্দুল জলিলের ছেলে। স্থায়ী ঠিকানা বগুড়া হলেও দীর্ঘদিন তিনি বড়ইকান্দি ভাটেরচর গ্রামে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। রতন দীর্ঘদিন গজারিয়া জেনারেল হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সাম্প্রতি তিনি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার বারাকা হাসপাতালে যোগদান করেন এবং প্রতিদিন রাত ১০টার দিকে ডিউটি শেষে বাসায় ফেরতেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার রাত ১১টার দিকে ভাটেরচর ব্রিজের পশ্চিম ঢালে রতনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল পাঠায়। রতনের বাবা আব্দুল জলিল বলেন, “আমার ছেলের সঙ্গে থাকা মোবাইল, টাকা-পয়সা সবই চুরি হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে