প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি দেশি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটককৃতরা হলেন- মো. আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা সবাই বাঁশখালী থানার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা।
এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালী থানার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড চট্টগ্রাম। এ সময় তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্রসহ স্থানীয় মনসুর বাহিনীর ৫ সশস্ত্র সক্রিয় সদস্যকে আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী কোস্ট গার্ডের টিম বহনকারী গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জব্দ করা অস্ত্র এবং আটক সন্ত্রাসীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস