প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষকরা স্থানীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টির বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
এ সময় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “একটি জাতির মূলভিত্তি হলো শিক্ষা। শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাদের মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ভালুকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার আওতায় আনতে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে