প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম

সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন কুঁড়ির মাধ্যমে শিশু-কিশোররা নিজেদের নতুন করে আবিষ্কারের সুযোগ পাচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং নিয়মিত আয়োজনের মাধ্যমে তারা তাদের প্রতিভা আরও এগিয়ে নিয়ে যেতে পারবে।”
তিনি আরও বলেন, “নতুন কুঁড়ি প্রতিযোগিতা শিশু-কিশোরদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে, যেখানে তারা নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারছে এবং নতুন করে নিজেদের আবিষ্কার করতে পারছে। যে নিজেকে আবিষ্কার করতে পারে, সে-ই প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারে। এই প্রতিযোগিতাটি সেই আত্ম-আবিষ্কারের সুযোগ দিয়েছে। না হলে আমি কখনোই জানতাম না যে আমি ক্লাসে প্রথম হতে পারি।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। আজ প্রধান উপদেষ্টা ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।