প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৪১ AM আপডেট: ১৩.১১.২০২৫ ১১:৫১ এএম

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারাদেশে গাড়ি, রেল ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে ককটেল বিস্ফোরণ ঘটতে পারে। পরিস্থিতি কী দিকে যাবে তা নিয়ে জনমনে উদ্বেগ বিরাজ করছে।
তবে রাজধানীতে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলে জড়িত ৫৫২ জন গ্রেফতার করেছে ডিএমপি। অধিকাংশ গ্রেফতারকৃত ব্যক্তি রাজধানীর বাইরে থেকে এসেছে। হামলায় হেলমেট ও মাস্ক ব্যবহার করা হচ্ছে এবং অপ্রাপ্তবয়স্করাও এতে জড়িত।”
ডিএমপি কমিশনার রাজধানীবাসীর উদ্দেশে সতর্ক করে বলেন, “অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের যানবাহন অন্য কাউকে দেওয়ার আগে সতর্ক থাকুন এবং আগন্তুক সন্দেহ হলে পুলিশকে জানান। অধিকাংশ আগুন অরক্ষিত বাসে দেওয়া হচ্ছে, তাই জনগণের সহযোগিতা অপরিহার্য। নাশকতাকারীদের প্রতিহত করতে ঢাকাবাসীর সক্রিয় ভূমিকা প্রয়োজন।”
অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, “এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটি জুলাই, চিরকালের জন্য।”