প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৪৮ AM

সংগৃহীত ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন খেলবে, আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চায়। তবে খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, তাহলে কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে পূর্ণ; এ প্রসঙ্গে সিইসি বলেন, “ইসি পোস্টার নিষিদ্ধ করার পরও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো স্বতঃস্ফূর্তভাবে সরিয়ে দেয়, সেটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনো ছাড় দেবে না।”
‘বিশেষ পরিস্থিতিতে’ চাপের কথাও উল্লেখ করে সিইসি বলেন, “বিশেষ পরিস্থিতি ও বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসে। এ কারণে তিনি আগের তুলনায় কয়েকগুণ বেশি সহযোগিতা আশা করেছেন নির্বাচনে অংশগ্রহণকারীদের কাছ থেকে।”
প্রধান নির্বাচন কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে একটি বড় বিপদ বা মসিবত হিসেবে আখ্যায়িত করেন।