প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:২০ AM

সংগৃহীত ছবি
আশুলিয়ায় থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক দ্রুত জানালা দিয়ে লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও সম্পূর্ণ পুড়ে গেছে বাসটি।
বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
স্থানীয়রা জানান, বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে মোটরসাইকেলে আসা চারজন যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “বাসে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।”
বাসের হেলপার আব্দুল সাত্তার জানান, সম্প্রতি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে নিরাপত্তার জন্য তিনি বাসেই ঘুমাতেন। “ভোরে হঠাৎ উত্তাপ টের পেয়ে ঘুম ভাঙে। জানালা দিয়ে বের হতে গিয়েই দেখি মোটরসাইকেলে করে চার যুবক পালিয়ে যাচ্ছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মালিক নিঃস্ব হয়ে গেছেন।
ওসি আব্দুল হান্নান বলেন, “কিছুদিন ধরে নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় তাদের নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ একাধিক টিম মাঠে কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এনআর