প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০২ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৭:২৪ PM

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) ও TESOL Society of Bangladesh-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় শিক্ষার্থী সম্মেলন “Discover English 2025: Student Conference on English Language and Literature”-এ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (NUB) ইংরেজি বিভাগ অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য।
এ বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, “A conference by the students and for the students!” যার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বিকাশ, গবেষণামূলক আগ্রহ বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্ট করা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে গবেষণাপত্র উপস্থাপন করেন, যার মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসিত হয়।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ২৫ জন শিক্ষার্থী সম্মেলনে অংশ নিয়ে ৯টি গবেষণাপত্র উপস্থাপন করেন। তাদের গবেষণার বিষয়বস্তু ছিল ইংরেজি ভাষা, সাহিত্য, সমসাময়িক তত্ত্ব ও প্রয়োগভিত্তিক গবেষণার নানা ক্ষেত্র। এই সাফল্যের পেছনে NUB-এর Research Club ও বিভাগের শিক্ষকদের অব্যাহত দিকনির্দেশনা ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ অভিজ্ঞতা তাদের গবেষণার প্রতি নতুন অনুপ্রেরণা দিয়েছে এবং একাডেমিক আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নিয়ে তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান, যা ভবিষ্যৎ গবেষণায় সহযোগিতা করবে।
বিভাগীয় শিক্ষক ও সমন্বয়কারীরা বলেন, এই অর্জনের মাধ্যমে NUB ইংরেজি বিভাগ আবারও প্রমাণ করেছে যে, তারা দেশের উচ্চশিক্ষা অঙ্গনে গবেষণা, সৃজনশীলতা ও একাডেমিক উৎকর্ষে নেতৃত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বৃহত্তর গবেষণার ক্ষেত্র উন্মোচনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে