প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামীণ সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জে বিগত ২৪ সালের ভয়াবহ জলাবদ্ধতার কারণে পুরো সড়কটি তিন মাস পানিবন্দি অবস্থায় ছিল। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও অসুস্থ লোকজনকে নিয়ে চরম বিপাকে পড়তে হয়েছে। শুষ্ক মৌসুমেও যানবাহনগুলো এই সড়কটি দিয়ে চলতে চায় না, শুধুমাত্র সড়কের বেহাল দশার কারণে। বর্ষার সময় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এজন্য সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ সংগঠক পারভেজ মোশারফ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাছ উদ্দিন গাজী, ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আব্দুল হান্নান, হারুন গাজীসহ অন্যান্য লোকজন জানান, গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা অলি পাঠান বড়ি সড়ক (আইডি নং-৪১৩৪৫৫০৪৫) আদশা-লতিফগঞ্জ সড়কের সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে সড়কের ১.২৫ কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে সড়কটি পুরোপুরি যান চলাচলের অযোগ্য থাকে। শুষ্ক মৌসুমে হাটাচলা করা গেলেও সড়কের বেহাল দশার কারণে চালকরা যানবাহন চালাতে অনীহা দেখান। ফলে বাধ্য হয়ে তারা সড়কটি পাকাকরণের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহন পাটওয়ারী মানিক বলেন, এই সড়ক আশপাশের প্রায় ৪ শত পরিবারের চলাচলের একমাত্র পথ। এছাড়া সংযোগ সড়ক হিসেবে প্রতিদিন কয়েক হাজার লোকজন এবং স্কুলগামী শিক্ষার্থীরা সড়কটি ব্যবহার করছে। সড়কটি সংস্কার ও পাকা করলে আশপাশের দুই-তিন গ্রামের মানুষ উপকৃত হবে। গত বর্ষায় তিন মাস সড়ক পানির নিচে ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, সড়কটি গুরুত্বপূর্ণ। তিনি ইতিপূর্বে ৩ লাখ টাকা দিয়ে সড়কের কিছু অংশ সলিং করেছেন। আবার এডিবি বরাদ্দ থেকে ৪ লাখ টাকা দিয়ে আরো কিছু অংশ সলিং করা হবে। সড়কটির আইডি হয়েছে, এখন গেজেট প্রকাশ বাকি। আশাকরা হচ্ছে কর্তৃপক্ষ সড়কটির গুরুত্ব বুঝে পাকাকরণের কাজ করবেন।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ জানান, জনগণের দুর্ভোগ লাঘবে নতুন প্রকল্প আসলে ডিপিপি ভুক্ত করণের প্রস্তাব প্রেরণ করা হবে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের চাঁদপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সড়কটি প্রসঙ্গে বলেন, সড়কটি সার্ভে করা হবে। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।