প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৩:৫৭ PM

সংগৃহীত ছবি
অর্থ মন্ত্রণালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল ১১তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছে।
গতকাল সোমবার (১০ নভেম্বর) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম।
সম্মতিপত্রে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের অনুমোদনের ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তানুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদ ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে সম্মতি দেওয়া হলো।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষকদের বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০)। আগে এই বেতন ছিল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১১)। পদগুলো ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর আওতায় পূরণ করা হবে।
অর্থ বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত বেতন গ্রেড কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের স্মারক এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের গত ২৮ জুলাইয়ের শর্তাবলি মেনে চলতে হবে।
এছাড়া প্রশাসনিক মন্ত্রণালয়কে পদ মঞ্জুরির আদেশ (জি.ও) জারি করে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে তা পৃষ্ঠাঙ্কন করাতে হবে। চিঠিতে সব আনুষ্ঠানিকতা ও বিদ্যমান বিধি-বিধান যথাযথভাবে অনুসরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।