প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম

সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, আইনজীবী, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত বিষয়ে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে তারা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুন নুর সরকার বলেন, একটি মানবিক সমাজ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক থাকা প্রয়োজন। সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুন নুরের সভাপতিত্বে ও ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা আহমেদ হোসেন, সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি মানবর্ধন পাল, সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাহিত্য একাডেমির জামিলুর রহমান, আইনজীবী অসীম কুমার বর্ধন, সুলতান সঙ্গীত নিকেতনের কর্ণধার দেবাশীষ দেবু, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কবির কলমের সভাপতি হুমায়ুন কবির, সোনালী সকালের বশির আহমেদ ও তাওসিদ আলম তাজিম প্রমুখ।