প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৫৮ AM

মানিকগঞ্জের স্যাটেলাইট টেলিভিশন রিপোর্টারদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গিলন্ডস্থ মুন্নু সিটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় টিআরইউ-এর সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিএম খোরশেদ, উপদেষ্টা পরিষদের সদস্য ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
আফরোজা খানম রিতা বক্তব্যে বলেন, “গণমাধ্যম কর্মীরা সমাজের বিবেক। আপনারা সত্য তুলে ধরেন বলেই মানুষ জানতে পারে কোথায় সমস্যা, কোথায় উন্নতির প্রয়োজন। দায়িত্বশীল সংবাদ সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। আমি সবসময় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার পক্ষে আছি।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকল গণমাধ্যমকর্মীর সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। মানিকগঞ্জবাসীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে টেকসই পরিবর্তন আনাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি, আপনাদের ইতিবাচক ভূমিকা এই যাত্রাকে আরও গতিশীল করবে।”
আফরোজা খানম রিতা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং টিআরইউ-এর ধারাবাহিক সাফল্য কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, কার্যকরী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে