প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ১:৫১ PM

সংগৃহীত ছবি
পাকিস্তান ও বাংলাদেশ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি শিপিং সেবা চালু করেছে। দুই দেশের এই উদ্যোগকে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে এক লিখিত প্রতিবেদনে জানান, নতুন এ সেবা চালুর ফলে এখন পণ্য পরিবহনে সময় ২৩ দিনের পরিবর্তে মাত্র ১০ দিন লাগছে। এতে পরিবহন ব্যয় কমেছে এবং লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বেড়েছে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ পাকিস্তানি পণ্যের জন্য শতভাগ পরিদর্শন বাধ্যবাধকতা তুলে নিয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
এর পাশাপাশি, দুই দেশের মধ্যে আকাশপথ চালুর প্রস্তুতিও চলছে। বাংলাদেশ ইতোমধ্যেই পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থাকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
২০২৪ সালের অক্টোবরের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করে। এরই ধারাবাহিকতায় পাকিস্তান বাংলাদেশে ৫০ হাজার টন চাল রফতানি করেছে, যা ২ লাখ টন রফতানির প্রতিশ্রুতির অংশ।
এ ছাড়া, সামা টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের দুই শতাধিক কোম্পানি অংশ নিয়েছে, যা বাংলাদেশের টেক্সটাইল খাতে পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।