প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৫১ পিএম

শামীম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাফসিন আহমেদ জিসান নামে এক তরুণকে আহত করার ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।
গত বুধবার (৫ নভেম্বর) রাতে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। বিষয়টি শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
পুলিশ জানায়, মামলায় ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান (১৯)।
এরপর চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আহত জিসান নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “আদালতের নির্দেশে হত্যাচেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী নাফসিন আহমেদ জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিলেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে