প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. ইউনুচ (৩৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাজিগাঁও কটনমিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইউনুচ ওই এলাকার এয়াকুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশার ব্যাটারি চুরি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে সেই বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন ইউনুচ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুচ পেশায় দিনমজুর ছিলেন। পাশাপাশি বিয়ে-শাদি ও সামাজিক অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবেও কাজ করতেন তিনি।
এ ঘটনায় নিহতের বাবা এয়াকুব আলী বাদী হয়ে আনোয়ারা থানায় শওকত আলী (৫০) ও নিলয় (৩২) নামে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে