| শিরোনাম: |

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের ঠিক আগে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা লেগে কুকুরটি মারা গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।
ইউএস-বাংলার কক্সবাজার ইনচার্জ আহমদ মুসা জানান, ঢাকাগামী বিএস ১৫৮ নম্বর উড়োজাহাজটিতে ৭০ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের প্রস্তুতিকালে পাইলট কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগার অনুভূতি পান। সঙ্গে সঙ্গে উড়োজাহাজটি পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয় এবং যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা যাচাই করা হয়। পরিদর্শনে কোনো ত্রুটি না পাওয়ায় সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে বিমানটি আবার উড্ডয়ন করে এবং রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকায় পৌঁছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল পরীক্ষা করে দেখা যায় উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লেগেছিল। এরপর তাৎক্ষণিকভাবে ফ্লাইট স্থগিত করে রানওয়ে পরিষ্কার করা হয়। কুকুরটিকে সরিয়ে নেওয়ার পর পুনরায় ফ্লাইট চালু করা হয়।
কর্তৃপক্ষের মতে, রানওয়ের পশ্চিম পাশে কিছু নির্মাণকাজ চলছে, যেখান দিয়ে সন্ধ্যার পর কুকুর ঢুকে পড়ছে। দিনের বেলায় এমন ঘটনা ঘটে না, তবে আলো কমে গেলে রানওয়েতে কুকুর দেখা মেলে, যা পাইলটদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।
উল্লেখ্য, চলতি বছরের ২ আগস্ট একই ধরনের ঘটনা ঘটেছিল কক্সবাজার বিমানবন্দরে। সেদিনও উড্ডয়নের আগমুহূর্তে এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগে, যাতে কুকুরটি মারা যায় এবং ফ্লাইট ছাড়তে এক ঘণ্টা দেরি হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ