প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম

সংগৃহীত ছবি
মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরই তিনি দায়িত্ব ছাড়বেন। বিসিবি পরে নিশ্চিত করেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
বিসিবি বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসেই বাংলাদেশে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড। ওই সিরিজের পরই শেষ হচ্ছে জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের কোচিং অধ্যায়। তিনি গত বছরের নভেম্বরে দ্বিতীয় দফায় জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি পদত্যাগ করতে চান। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’ সালাউদ্দিনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে তিনি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। জাতীয় দলের দায়িত্বে এটি তার দ্বিতীয় অধ্যায়। প্রথমবার তিনি ২০০৬–২০১০ সালে সহকারী কোচ ও ফিল্ডিং কোচ ছিলেন এবং পরবর্তী সময়ে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচের দায়িত্ব পালন করেছিলেন।