আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলেমিশে ভোট দেবেন ধানের শীষে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশান ২-এর একটি হল রুমে কর্মী সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামী দিনে সংস্কার হলে যে সংবিধান হবে তা জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। ইনশাআল্লাহ আর কোনো স্বৈরশাসক জনগণের ভোটাধিকার হরণ করতে পারবে না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এজন্য মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আবারও দেশের উন্নয়ন হবে। আর আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা-১১ আসন থেকে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
তাকে মনোনীত করার জন্য বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি, এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
এসময় ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ হবে বৈষম্যহীন, আধুনিক, মানবিক এবং ধর্মীয় সম্প্রীতিময় একটি উন্নত রাষ্ট্র। বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা ১১ আসনে ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়া এবং যেখানে প্রয়োজন বিএনপির অন্যান্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ।
বিগত ১৭ বছর বাংলাদেশকে একটি জেলাখানায় পরিণত করা হয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, এই বৈষম্যবিরোধী বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। অত্যাচার, জুলুম, নির্যাতন থাকবে না, আইনের শাসন থাকবে। আগামীদিনে এই বিষয়গুলো আমরা অব্যাহত রাখবো।
তিনি আরো বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে আমরা মাদক থেকে রক্ষা করবো। সমাজের প্রতিটি ক্ষেত্র মাদকমুক্ত করবো। এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত করতে হবে। সমাজের যেখানেই যে অন্যায়-অত্যাচার করবে তাকে সেখানেই প্রতিহত করতে হবে।
বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল (আংশিক) থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।