প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:১১ পিএম

রাজশাহী কলেজে ইতিহাস বিভাগের দুই গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা
রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দুই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা প্রফেসর ড. মো. রেজাউল করিম ও সহকারী অধ্যাপক মো. আবুল বাসারকে বিদায় সম্মাননা জানায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ইতিহাস বিভাগের ২০২ নম্বর কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আল আমিন হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক শামীম আরা, সহযোগী অধ্যাপক মো. আনিসুজ্জামান মানিকসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, “আমি বিভাগীয় প্রধান থাকাকালীন আমার দুইজন সুযোগ্য সহকর্মী বিদায় নিচ্ছেন, এটা আমার জন্য কষ্টের। তাদের বিদায়ের ফলে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ হওয়ার নয়। তবে সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের এই প্রক্রিয়াটি মেনে নিতে হয়। আমরা তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।”
বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মো. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “তোমাদের পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়ার অভ্যাস করলে তোমরা অনেক দূর যেতে পারবে। আল্লাহ যে মেধা দিয়েছেন, সেটাকে কাজে লাগাতে জানতে হবে। রাজশাহী কলেজের ইতিহাস বিভাগ আমার প্রাণের জায়গা। আমি যেখানেই থাকি, তোমাদের সাফল্য কামনা করি।”
সহকারী অধ্যাপক মো. আবুল বাসার আবেগঘন কণ্ঠে বলেন, “রাজশাহী কলেজ আমার জীবনের একটি স্মৃতিবিজড়িত অধ্যায়। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান আমার জীবনের অমূল্য সম্পদ। আমি সবসময় চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের কাছে আমার জ্ঞানের সবটুকু পৌঁছে দিতে।”
অনুষ্ঠানের শেষে বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের উপহার ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণা, ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়।
উল্লেখ্য, প্রফেসর ড. মো. রেজাউল করিম নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে এবং সহকারী অধ্যাপক মো. আবুল বাসার শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে যোগদান করেছেন।