| শিরোনাম: |

বাংলাদেশ এক সংকটময় সময় অতিক্রম করছে—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার এক গুরুত্বপূর্ণ সুযোগ। এই সুযোগ সফলভাবে কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্য গড়ে তোলা জরুরি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি। দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনাও চলছে।
আগামীর বাংলাদেশে জনগণ কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই।”
নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে তিনি বলেন, এনসিপিকে ‘শাপলা’ প্রতীক না দিয়ে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে ইসি স্পষ্ট স্বেচ্ছাচারিতা করেছে। তবে দলটি নতুন প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “যদি নির্বাচন কমিশন একই ধরনের পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রাখে, তাহলে তাদের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে।”
হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, “ইসি যদি আবারও কোনো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও হবে আগের কমিশনগুলোর মতোই।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ