| শিরোনাম: |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে সব আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। কিছু আসন জোটের শরিকদের জন্য রাখা হয়েছে এবং বাকি কয়েকটি আসনের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ১০টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে। বাকি ৬টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে। তবে এবারের ঘোষণায় সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী মনোনয়ন পাননি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টির প্রার্থীদের নাম ওই সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মনোনয়ন বঞ্চিত হওয়ার খবর জানাজানি হতেই চট্টগ্রামে আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন। রাত সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাইপাস এলাকার কদমরসুল মোড়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।
অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বর্তমানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে আছেন। তিনি আরও বলেন, পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায়, সে জন্য স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
বিএনপি ঘোষিত তালিকা অনুযায়ী চট্টগ্রামের যেসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেগুলো হলো—চট্টগ্রাম-১ (মিরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সরোয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অন্যদিকে, যেসব আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে সেগুলো হলো—চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)। মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ