| শিরোনাম: |

ভারতের রাজস্থান রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোরে ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে রাজ্য পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্যে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রীবাহী বাসটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী নিহত হন। নিহতদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা, যারা বিকানার জেলার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফিরছিলেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, “ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এই দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে, যা গভীরভাবে মর্মান্তিক।”
এর আগে গত মাসে রাজস্থানের জয়সালমেরে একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। বাসটির এয়ারকন্ডিশনের শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেলে যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি, কারণ বাসে জরুরি নির্গমনের পথ ছিল না।
একই মাসে রাজ্যের মনোহারপুর এলাকায় শ্রমিকবাহী আরেকটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে আগুন ধরে গেলে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হন।
(সূত্র: এনডিটিভি)
স্বদেশ প্রতিদিন/ আরএফ