প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:০২ পিএম

কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় লরিচাপায় প্রাণ গেলো নববিবাহিত এক যুবকের।
রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনায় নিহত হন এলাহাবাদ গ্রামের পূর্বপাড়ার নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নাজমুল। বেগমাবাদ-চরবাকর মোড়ে একটি লরিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নাজমুলের মামাতো ভাই মো. ফারুক জানান, “মাত্র চার মাস আগে কুয়েত থেকে দেশে এসেছিলো নাজমুল। দুই মাস আগে বিয়ে করেছে সে। আরও কয়েকদিন পরই তার প্রবাসে ফেরার কথা ছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তার আর ফেরা হলো না।”
নাজমুল ছয় বছর আগে জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমিয়েছিল। সেখানে ক্যাবল অপারেটর হিসেবে কাজ করতো সে। পরিবারের তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার বড়। মা মিনুয়ারা বেগম ছেলের অকাল মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন—শোকস্তব্ধ এলাহাবাদ গ্রামজুড়ে এখন শুধু কান্নার রোল।
এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান বলেন, দূর্ঘনায় জড়িত ঘাতক লড়ি গাড়িটি আটক করা হয়েছে, আমরা লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি, এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
স্বদেশ প্রতিদিন/এমএস