বাংলাদেশে নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা দেখা যায়। কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এতে দেশের ক্ষতি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ তিনি এসব কথা বলেন।
আমরা মদিনার ইসলামের চর্চা করি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মওদুদীর ইসলামের অনুসারী না। যারা ফেতনা সৃষ্টি করে বিভেদ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না।”
আমাদের শিক্ষা নিতে হবে বিগত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ ইসলাম, মুসলিম ও আলেম বিদ্বেষী রাজনীতি করতো। তাদের নির্মম পতন হয়েছে। তাই আমাদের আদর্শের রাজনীতি করতে হবে যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। আমাদের ভালো রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে। এতেই দেশে অপরাজনীতি বিদায় হবে।”
বিএনপির এ নেতা আরো বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে, আলেম বিদ্বেষী রাজনীতি করেছে, মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে। তাদের বিদায় কীভাবে হয়েছে, তা আমরা দেখেছি।”