আমাদের আবারো স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে হবে। কারণ আজও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ১৯৭১ সালের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
আজ শনিবার (১ নভেম্বর) এক মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।
৭ নভেম্বরের চেতনা আসলে মুক্তিযুদ্ধের চেতনা উল্লেখ করে আব্দুস সালাম বলেন, “যদি ৭ নভেম্বর না হতো, তাহলে আমরা সেদিনই আমাদের স্বাধীনতা হারাতাম। গণতন্ত্র তো আগেই হারিয়েছিলাম। কাজেই বাংলাদেশের মূল চেতনা যদি বলি, তাহলে সেটা হলো ৭ নভেম্বরের চেতনা।”
১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সময় আমাদের ভুলিয়ে দিয়েছিল- কী কারণে আমরা যুদ্ধ করেছিলাম, কী কারণে দেশ স্বাধীন করেছিলাম উল্লেখ করে তিনি বলেন, “মনে হয়েছিল, যেন একটি রাষ্ট্রকে খুশি করার জন্যই আমরা স্বাধীনতা অর্জন করেছি। অনেকে বলে থাকেন, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল ভারতের স্বার্থে; কিন্তু সেটি সত্য নয়।”
সেই সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল উল্লেখ করে তিনি বলেন, “আমরা যারা বীর মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করেছিলাম দেশের স্বাধীনতার জন্য, কারও পরাধীন হওয়ার জন্য নয়। যখন বাংলাদেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ৭ নভেম্বরের উদ্ভব হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো মার্শাল ল বা ক্যু করে ক্ষমতায় আসেননি। সেই সময়ে দেশের সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব সংঘটিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করেছিলেন।”
জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। দরিদ্র মানুষের মুখে আহার তুলে দিয়েছিলেন, বস্ত্রহীন মানুষের গায়ে বস্ত্র পরিয়েছিলেন, সারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন।”
অনেকে বিপ্লব ও অভ্যুত্থানকে এক করে দেখেন, কিন্তু এ দুটি এক নয় উল্লেখ করে তিনি আরো বলেন, “বিপ্লব হলে একটি দেশের সম্পূর্ণ চেহারা বদলে যায় এবং তখন তাই হয়েছিল। বিপ্লব-পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিলেন।”