প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ৭:২০ PM

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি।
শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মতির সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতিউর রহমানের স্ত্রী রোকেয়া রহমান।
স্ত্রীর জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত মতি বলেন, “আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে আছি। এর মধ্যে আমার স্ত্রী মৃত্যুবরণ করেছেন। তাঁর সঙ্গে আমার ৩২ বছরের সংসার জীবন। তিনি সবসময় আমাকে আগলে রেখেছেন।”
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মতিউর রহমান মতিকে কারা কর্তৃপক্ষ তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে, যাতে তিনি স্ত্রীর জানাজায় অংশ নিতে পারেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে