বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, এখন নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষ গণতান্ত্রিক দল বিএনপিকে ভোট দেওয়ার অপেক্ষায় আছে। তবে, একটি মহল গণভোটের কথা বলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করে আসছে।
আজ শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডার গুদারাঘাটে বিএনপির অফিসে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ফ্রি ঔষধসহ চিকিৎসেবা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মানুষের প্রত্যাশা আমরা পূরণ করবো উল্লেখ করে ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “প্রতি শনিবার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য এই সেবাকেন্দ্র খোলা থাকবে। মানুষ ঔষধসহ সকল চিকিৎসেবা এখানে ফ্রি পাবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বাড্ডার ন্যায় রামপুরা এবং ভাটারাতেও এইরকম সেবা কেন্দ্র চালু করবো উল্লেখ করে তিনি বলেন, “আমরা গুদারাঘাটে একটি হাসপাতাল তৈরি করবো। এই এলাকার মানুষের কল্যাণের জন্য আগামীতে যা যা প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা তার চেষ্টা করবো।”
ড. এম এ কাইয়ুম বলেন, “ভয়ংকর ১৭টি বছর কাটিয়েছে দেশের মানুষ। হত্যা-গুম-খুন-নির্যাতনে তাদের দমিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিলো আয়নাঘর। এছাড়া এমন কোনো অপকর্ম নেই যা শেখ হাসিনা করেনি। ক্ষমতায় থাকতে মানুষদের হত্যা থেকে শুরু করে যা প্রয়োজন সব করেছে, তার মধ্যে কোন অনুশোচনা পর্যন্ত নেই।”
জাতীয় সংসদ নির্বাচন পেছানোর পক্ষে জনগণ নেই উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “বিভিন্ন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে। গণভোট তথা হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে তারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। এই সরকারের সবচেয়ে সুবিধাভোগী মহল তারাই, তাই তারা নির্বাচনকে পেছোনোর পাঁয়তারা করছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিবে। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে।”
তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আগামীদিনে একটি উন্নত দেশ গড়ে তুলবো উল্লেখ করে ড. এম এ কাইয়ুম আরো বলেন, “স্বৈরাচারকে তাড়িয়ে অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। মানুষে রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। কোনো অন্যায়, অত্যাচার-জুলুম থাকবে না, আমরা সকলে এই বাংলাদেশে মিলেমিশে বসবাস করবো, ইনশাআল্লাহ।”
বিএনপির অফিসে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ফ্রি ঔষধসহ চিকিৎসেবা কার্যক্রম প্রসঙ্গে ড. এম এ কাইয়ুম বলেন, এখানে যে কোনো ধরনের রোগের চিকিৎসা সুযোগ রয়েছে। জটিল কোনো রোগ হলে হাসপাতালে প্রেরণ করে তার চিকিৎসার ক্ষেত্রে আমরা সাহায্য করবো। এই চিকিৎসা ব্যবস্থা চলমান রাখা হবে।
উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবেদুল কবির এবং বাড্ডা, ভাটারা এবং রামপুরার বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রথম দিনেই ফ্রি ঔষধসহ চিকিৎসেবা কার্যক্রমে বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিলের সুবিধাবঞ্চিত বহু নারী-পুরুষ এই সেবা গ্রহণ করেছে।
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ
শনিবার ভাটারার জে ব্লকে সাউথপয়েন্ট স্কুল মাঠে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম।