প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:০৯ AM

সংগৃহীত ছবি
দেশে চলমান সংকটের প্রসঙ্গ তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলোকে এখনই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এজন্য সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে। একে অপরকে হুমকি দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, বরং এতে অন্ধকারের শক্তি সুযোগ নিতে পারে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছে উল্লেখ করে মান্না বলেন, কিছুদিন আগে এনসিপি অভিযোগ করেছিল, সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। এখন বিএনপিও একই অভিযোগ করছে। ফলে সরকার এখন প্রতারণার দায়ে অভিযুক্ত অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, সবার প্রত্যাশা ছিল ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতসহ সংস্কার প্রস্তাবগুলো গণভোটে তোলা হবে। কিন্তু ঐকমত্য কমিশন সুপারিশে তা বাদ দিয়ে এক অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিয়েছে।
নাগরিক ঐক্যের সভাপতি আরও জানান, দুই মাস পর নির্বাচন হয়ে গেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আর দায়িত্বে থাকবেন না। তাদের অনেকেই মনে করেন, যত দ্রুত বিদায় নেওয়া যায়, তত ভালো। তাই এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সবাইকে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।