প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম

সুন্দরবনে অভিযান চালিয়ে দস্যু করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিম (৩২)কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সুন্দরবনের নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত করিম শরীফ ডাকাত বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামান-এর নেভিগেশন কর্মকর্তা লে. মারুফ আহমেদ সৌখিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, করিম শরীফ বাহিনীকে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে এক ব্যক্তি নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে। পরে সেখানে অভিযান চালিয়ে একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ আব্দুর রহিমকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে