প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:০৪ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ১:০৭ PM

সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার আয়োজন করা গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, “এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। বরং দেশটি বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে থেকেছে।”
চরমোনাই পীর আরও উল্লেখ করেন, “বিএনপির আমলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে শীর্ষে ছিল। বর্তমানে দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি জাতীয় জীবনের অংশ হয়ে গেছে।”
তিনি জাতীয় সনদের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান।
গণসমাবেশে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামালসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়া সমাবেশে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের এমপি প্রার্থী এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।