প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:৩০ AM

সংগৃহীত ছবি
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমন জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে। ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর আওতায় নাগরিকদের তথ্য সংগ্রহের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি, যা নগরবাসীর তথ্য ডিজিটালভাবে সংরক্ষণে সহায়তা করবে।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার, মেস ও কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে।
এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব নাগরিককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট কাগজপত্রের ফটোকপি নিজ নিজ থানায় জমা দিতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই সিস্টেমের মাধ্যমে নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ ও যাচাই করা সম্ভব হবে, যা অপরাধ দমন, তদন্ত কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।