| শিরোনাম: |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে দেখতে সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মোদিকে ‘খুনি’ হিসেবেও উল্লেখ করেছেন।
এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন ট্রাম্প। তিনি এপেক সম্মেলনে অংশ নেবেন। এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে ভারত-পাকিস্তানের মধ্যে চলা চারদিনের যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, এই যুদ্ধ তিনি বন্ধ করিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রথমে তিনি দুই দেশকে আহ্বান জানান যুদ্ধ বন্ধ করতে, কিন্তু তারা রাজি হয়নি। এরপরই ভারত-পাকিস্তান তার কাছে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেয়। ট্রাম্পের দাবি, যদি যুদ্ধ বন্ধ না করা হয়, তবে তিনি ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দেন।
ট্রাম্প বলেন, “আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী মোদির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের সম্পর্ক বেশ ভালো। পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ। পাকিস্তানে একজন ফিল্ড মার্শাল আছেন, যিনি একজন দক্ষ যোদ্ধা। আমি তাদের সবাইকে ভালোভাবে জানি।”
তিনি আরও বলেন, “ভারত-পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। তারা দুটো পারমাণবিক শক্তিধর দেশ। আমি মোদিকে ফোন করি বলি, আপনার সঙ্গে আমরা চুক্তি করতে পারব না। মোদি বলেন, ‘না, আমাদের চুক্তি করতে হবে।’ আমি বলি, ‘না, যুদ্ধ চললে চুক্তি হবে না।’ এরপর পাকিস্তানকেও ফোন করি, কিন্তু তারা যুদ্ধ করতে চায়।”
ট্রাম্প মোদির আচরণে অবাক হয়েছিলেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি দেখতে খুব সুন্দর। তাকে দেখে মনে হয় যেন তাকে আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি একজন খুনি, খুবই কঠোর। আমাকে বলেছেন, ‘না, আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব।’ আমি তখন ভাবলাম, ‘এ কি সেই মোদি যাকে আমি চিনি?’ দুইদিন পর তারা যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেয়। বিষয়টি সত্যিই অসাধারণ ছিল।”
সূত্র: হিন্দুস্তান টাইমস
স্বদেশ প্রতিদিন/ আরএফ