প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৩৮ AM

ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। অধিনায়ক লরা উলভার্ডের দুর্দান্ত ১৬৯ রানের ইনিংস এবং মারিজানে ক্যাপের বিধ্বংসী পাঁচ উইকেট—এই দুই নায়কের নৈপুণ্যে প্রোটিয়ারা প্রথমবারের মতো পৌঁছে গেল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।
গৌহাটির বারসাপারা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১৯ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের মূল ভিত্তি ছিলেন অধিনায়ক লরা উলভার্ড, যিনি ১৪৩ বলে ২০টি চার ও ৪টি ছক্কায় করেন ১৬৯ রান। তার সঙ্গে তাজমিন ব্রিটস (৪৫), মারিজানে ক্যাপ (৪২) ও ক্লোয়ি ট্রায়ন (৩৩*) দলীয় সংগ্রহে যোগ করেন মূল্যবান রান।
ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন চারটি এবং লরেন বেল দুটি উইকেট নেন।
৩২০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমেই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। মাত্র ১ রানে তারা হারায় তিন উইকেট—অ্যামি জোনস, ট্যামি বিউমন্ট ও হেথার নাইট কেউই রান পাননি।
ন্যাট সিভার-ব্রান্ট (৬৪) ও অ্যালিস ক্যাপসি (৫০) কিছুটা লড়াই করলেও দলের পতন ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজানে ক্যাপ ২০ রানে ৫ উইকেট নেন, নাদিন ডি ক্লার্কের ঝুলিতে যায় ২টি উইকেট।
এই জয়ে দক্ষিণ আফ্রিকা নারী দল প্রথমবারের মতো পৌঁছে গেল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা স্বাগতিক ভারত, যারা বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত ফলাফল
দক্ষিণ আফ্রিকা: ৩১৯/৭ (উলভার্ড ১৬৯, ক্যাপ ৪২; একলেস্টোন ৪/৪৪)
ইংল্যান্ড: ১৯৪ (সিভার-ব্রান্ট ৬৪; ক্যাপ ৫/২০)
ফলাফল:দক্ষিণ আফ্রিকা জয়ী ১২৫ রানে
স্বদেশ প্রতিদিন/ আরএফ