| শিরোনাম: |

যুক্তরাজ্যের মিল্টন কেইন্সে ঘটেছে এক অবিশ্বাস্য ডাকাতির ঘটনা। কোনো টাকা নয়—একদল চোর সরাসরি একটি সুপারমার্কেটের দেয়াল ভেঙে পুরো এটিএম মেশিনটাই তুলে নিয়ে গেছে!
রোববার ভোরে সংঘটিত এই ঘটনায় ব্যবহৃত হয় ভারী নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’। স্থানীয় এক বাসিন্দা পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি হলুদ রঙের টেলিহ্যান্ডলার দিয়ে সুপারমার্কেটের দেয়ালে জোরে আঘাত করে মেশিনটি উপড়ে ফেলা হয়। এরপর যন্ত্রটির সাহায্যে সেটিকে তুলে একটি পিকআপ ট্রাকের পেছনে ফেলে দেওয়া হয়। পুরো কাজটি মাত্র কয়েক মিনিটে শেষ করে মুখোশধারী চোরচক্র দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে তারা ব্যবহৃত টেলিহ্যান্ডলারটি ফেলে রেখে যায়।
প্রত্যক্ষদর্শী ক্যারোলিনা অসভিয়েমস্কা বলেন, “ভয়ংকর শব্দে ঘুম ভেঙে যায় আমার। জানালা দিয়ে দেখি, চোরেরা দেয়াল ভেঙে এটিএমটি বের করছে। সবকিছু এত দ্রুত ঘটল যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তারা উধাও।”
ভিডিওটি প্রকাশের পর অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “এ যেন কোনো সিনেমার দৃশ্য!” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন—আধুনিক এটিএম মেশিনের নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল কেন, যেখানে চুরি ঠেকাতে বিশেষ ধরনের কালি ব্যবস্থাও থাকার কথা।
ডাকাতির ঘটনায় সুপারমার্কেটটির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। টেমস ভ্যালি পুলিশ এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, মধ্যরাত ১২টা ৪৫ মিনিটের দিকে তারা ডাকাতির খবর পায়, তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ
সূত্র: ডেইলি মেইল